← সব লেখা
অ্যাপ2 মিনিটে পড়ুন

ডেইলি মুসলিম কী, আর আমরা কী বানাচ্ছি

ডেইলি মুসলিম কী, আর আমরা কী বানাচ্ছি

ডেইলি মুসলিমের শুরুটা খুব সাধারণ একটা উপলব্ধি থেকে। দ্বীন আসলে বেঁচে থাকে দৈনন্দিন ছোট ছোট মুহূর্তে। কাজের ফাঁকেই নামাজের ওয়াক্ত হয়ে যায়। পথ চলতে চলতে হঠাৎ একটা আয়াত মনে পড়ে। এমন সময়ে একটা দুআ দরকার হয়ে পড়ে, যেটার কথা আগে থেকে কেউ ভাবেইনি।

অথচ এই মুহূর্তগুলোর জন্য দরকারি জিনিসগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। নামাজের সময়ের জন্য এক অ্যাপ, মুসহাফের জন্য আরেকটা, যিকিরের জন্য আরও একটা।

অ্যাপে কী কী আছে#

  • নামাজের সময় — আপনার জায়গা অনুযায়ী, সঙ্গে আজানের রিমাইন্ডার আর হোম স্ক্রিনের উইজেট
  • কুরআন — কয়েক ধরনের মুসহাফে, সঙ্গে অনুবাদ, তাফসির, শব্দে শব্দে অর্থ আর তিলাওয়াত
  • হাদিস — নানা সংকলন, দুআ ও আযকার, আর ইসলামী বই সব এক জায়গায়
  • কিবলা নির্ণয়, যিকিরের কাউন্টার, আর পুরো কুরআন খতমের হিসাব

যাঁরা আরেকটু গভীরে যেতে চান, তাঁদের জন্য আছে শব্দ-বিশ্লেষণ। একটা আয়াত কীভাবে গড়ে উঠেছে, কোন ধাতু থেকে কোন শব্দ এসেছে — শুধু অর্থ নয়, সেটাও দেখে নেওয়া যায়।

যে নীতিগুলো ধরে কাজটা এগোয়#

ইসলামী কনটেন্ট, ব্যবহারকারীর মনোযোগ, ব্যক্তিগত তথ্য — সবকিছুকেই আমরা আমানত মনে করি।

চমক নয়, প্রশান্তি। ফজরের আগে আপনি যে অ্যাপটা খোলেন, তার কাজ আপনার মনোযোগ কেড়ে নেওয়া নয়। শক্তিশালী জিনিসও সহজ আর শান্ত থাকতে পারে, দ্বীনকে ডিজিটাল হইচইয়ে না ফেলেই।

সব ভাষার মানুষের জন্য। অ্যাপ আর এই ওয়েবসাইটের অনুবাদ করেন স্বেচ্ছাসেবকরা। যন্ত্র নয়, মানুষ — যাঁরা মন দিয়ে পড়েন আর একটা শব্দ নিয়েও তর্ক করেন, যতক্ষণ না সেটা ঠিকঠাক বসে।

যেখানে দরকার, সেখানে অফলাইনেও। মুসহাফ, নামাজের সময় আর আপনার বুকমার্কের জন্য ইন্টারনেট লাগবে কেন? যেসব জায়গায় এগুলো সবচেয়ে বেশি দরকার হয়, সেখানে প্রায়ই নেটওয়ার্ক থাকে না।

এই জার্নালে কী থাকবে#

এখানে আমরা লিখব — নতুন কী এল আর কেন, অনুবাদ আর স্বেচ্ছাসেবকদের কাজের খবর, আর মাঝেমধ্যে এমন কিছু যার সঙ্গে অ্যাপের সরাসরি কোনো সম্পর্কই নেই।

সামনে কী আসবে, সে ব্যাপারে আপনার কিছু বলার থাকলে মতামত বোর্ড খোলাই আছে। প্রতিটি পরামর্শ আর ভোট আমরা পড়ি, আর সবচেয়ে বেশি চাওয়া কাজগুলো জায়গা পায় পাবলিক রোডম্যাপে

ডেইলি মুসলিম পাবেন iOS আর Android-এ।